দীর্ঘ ২২ বছর পর নরসিংদীর বেলাব উপজেলার ছাত্রদলের কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতারা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদলের পদ বঞ্চিতরা বেলাব বাজার কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়ে ও স্লোগান দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
খবর জানতে পেরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিমত, বেলাব উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন।
ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা।
৬ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন এমন অভিযোগে লেখালেখি শুরু করে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করেন। মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে প্রতিবাদ করেন।
এ ব্যাপারে নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেন। এ কারণে আমার প্রতিপক্ষ ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল যারা তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাব বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে বলে শুনেছি।
আশিক সুজন মামুন আরও বলেন, আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি, যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।
প্রতিনিধি/এসএস

