মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিজিটাল নজরদারিতে জ্বালানি বণ্টন, শরীয়তপুরে বদলাচ্ছে চিত্র

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

ডিজিটাল নজরদারিতে জ্বালানি বণ্টন, শরীয়তপুরে বদলাচ্ছে চিত্র

শরীয়তপুরে জ্বালানি তেলের সংকট ও অব্যবস্থাপনা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ডিজিটাল নজরদারির আওতায় এনে কৃষক ও যানবাহনে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চালু করা হয়েছে দুটি পৃথক অ্যাপ। এতে করে তেল বণ্টনে স্বচ্ছতা ফিরছে, কমছে ভোগান্তি—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাপ দুটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত কৃষকদের ডিজেল সরবরাহ করা হচ্ছে, অন্যটি ব্যবহৃত হচ্ছে যানবাহনে জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে। কৃষি বিভাগ ও ফিলিং স্টেশনের কর্মীরা অ্যাপ ব্যবহার করে গ্রাহকের তথ্য যাচাই করে তেল দিচ্ছেন।


বিজ্ঞাপন


1e511550-fc52-40b7-9d2c-d9a65eaad21b

জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শরীয়তপুরে ২৫ হাজার ৫৭০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। প্রায় ৮২ হাজার কৃষকের এসব জমিতে সেচ দিতে প্রতিদিন প্রয়োজন হয় ২০ থেকে ২৫ হাজার লিটার ডিজেল। এছাড়া জেলার ১২ হাজার জেলে নৌকায় মাছ ধরার জন্য প্রতিদিন ৩৫ থেকে ৪০ হাজার লিটার ডিজেল লাগে। কিন্তু জেলায় মাত্র ৭টি ফিলিং স্টেশন থাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে দীর্ঘদিন ধরেই সংকট দেখা দিচ্ছিল।

এই পরিস্থিতিতে পাম্পগুলোতে প্রতিদিন দীর্ঘ লাইন, ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র জ্বালানি তেল মজুদ করছিল বলেও অভিযোগ ছিল। জেলা প্রশাসনের অভিযানে কয়েকটি স্থান থেকে অবৈধ মজুদ জব্দ করে তা নিলামের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

এ অবস্থায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন ও অবৈধ মজুদ রোধে ডিজিটাল পদ্ধতির দিকে ঝুঁকে প্রশাসন। নতুন চালু হওয়া অ্যাপের মাধ্যমে প্রতিটি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করে তেল দেওয়া হচ্ছে। ফলে একটি যানবাহন ২৪ ঘণ্টায় একবারের বেশি জ্বালানি নিতে পারছে না। অন্য কোনো পাম্পে গেলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা যাচ্ছে।

অন্যদিকে, কৃষকদের জন্য চালু অ্যাপে ইতোমধ্যে ১ হাজার ৩৮২ জন সেচ পাম্প পরিচালনাকারী কৃষকের তথ্য নিবন্ধন করা হয়েছে। ডিজেল নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে তাদের যাচাই করা হচ্ছে। একজন কৃষক ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ লিটার ডিজেল নিতে পারছেন। এতে প্রকৃত কৃষকরাই অগ্রাধিকার পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

2f465676-bfe6-4d4b-81af-90e3f0e8c275

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, জ্বালানি তেল যেন সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় এবং কেউ যেন অতিরিক্ত মজুদ করতে না পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। কৃষক ও যানবাহনের জন্য আলাদা দুটি অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিদিনের সরবরাহ ও বিতরণের তথ্য সরাসরি পর্যবেক্ষণ করা যাচ্ছে।

তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কৃষি, মৎস্য ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বণ্টনে শৃঙ্খলা ফিরবে এবং ভোগান্তি কমবে বলে আশা করছি।

প্রশাসনের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগে ধীরে ধীরে বদলাচ্ছে শরীয়তপুরের জ্বালানি বণ্টনের চিত্র—এমন প্রত্যাশা কৃষক ও সংশ্লিষ্ট সবার।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর