শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইটনায় কুপিয়ে হত্যাচেষ্টা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারীরা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ এএম

শেয়ার করুন:

ইটনায় কুপিয়ে হত্যাচেষ্টা, ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি হামলাকারীরা

কিশোরগঞ্জের ইটনায় সীমানা বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গোয়ালপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত কান্তু মিয়া ওই গ্রামের হাজী সফির উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদ মিয়ার ছেলে শামসুল মিয়ার সঙ্গে কান্তু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কান্তু মিয়ার বাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে কান্তু মিয়াকে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন কান্তু মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরেই তারা পেশিশক্তির জোরে আমার বাড়ির সামনের জায়গা দখল করে রেখেছে। এ নিয়ে কথা বললেই তারা হুমকি দিত। ওই রাতে তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই বাড়িতে ঢুকে হামলা চালায়।’

ভুক্তভোগীর পরিবার জানায়, এই ঘটনার পর থেকে তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।


বিজ্ঞাপন


ঘটনার পরদিন রোববার ইটনা থানায় একটি মামলার এজাহার দাখিল করা হয়েছে। এ বিষয়ে ইটনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রোকনুজ্জামান বলেন, ‘মামলার এজাহার জমা পড়েছে। এটি দ্রুত প্রক্রিয়াধীন করে আদালতে পাঠানো হচ্ছে। যেহেতু মাথায় আঘাতের মতো গুরুতর বিষয় রয়েছে, তাই সর্বোচ্চ ধারাতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জড়িতদের গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, মামলাটি রেকর্ড হওয়ার পরপরই আসামিদের ধরতে অভিযান শুরু করবে পুলিশ।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর