জামালপুর শহরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে চড়া দামে বিক্রির চেষ্টার দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শহরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমন হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)। তারা সম্পর্কে পরস্পর শ্বশুর ও জামাতা।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করতেন। পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সেই পেট্রোল মোটরসাইকেলের ট্যাংক থেকে বের করে বোতলে ভরে মজুদ করছিলেন। বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) নজরে এলে তারা জেলা প্রশাসনকে অবহিত করে। তথ্যের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং হাতেনাতে দুজনকে আটক করে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর বিধান লঙ্ঘনের অপরাধে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন অভিযুক্তরা মোটরসাইকেলের ট্যাংক থেকে পেট্রোল বের করে বোতলে ভরে অবৈধভাবে মজুদ করছিলেন। জননিরাপত্তা ও আইন লঙ্ঘনের দায়ে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রতিনিধি/একেবি

