পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কোরাল মাছ। মেসার্স সাগর ফিশের রুহুল মাঝির ফিশিং বোটে মাছ দুটি ধরা পড়ে।
সোমবার (৬ এপ্রিল) মাছ দুটি আলীপুর মৎস্য বন্দরে বিক্রির জন্য আনা হয়। এ সময় বিশালাকৃতির মাছ দুটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। মাছ দুটির মোট ওজন ছিল প্রায় ৩৫ কেজি। এর মধ্যে বড় মাছটির ওজন ১৮ কেজির বেশি এবং ছোটটির ওজন ছিল প্রায় ১৭ কেজি। বড় আকারের এই মাছ দুটি কিনতে স্থানীয় ক্রেতাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী রহমান খান ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি কিনে নেন।
ট্রলার মাঝি রুহুল আমিন বলেন, ‘সাগর খুবই উত্তাল। তারপরও জীবিকার তাগিদে গভীর সাগরে যাই। প্রথমবার জাল ফেলে তেমন মাছ না পেলেও পরের বার জাল টানতেই বড় এই কোরাল দুটি উঠে আসে। তখন সব কষ্ট ভুলে গেছি।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ইদানীং গভীর সমুদ্রে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক ও স্বস্তির খবর।’
প্রতিনিধি/একেবি

