সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন সাংবাদিকের মা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন সাংবাদিকের মা
সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬)।

একটি অসতর্ক মুহূর্ত কেড়ে নিল একটি প্রাণ, স্তব্ধ করে দিল একটি সাজানো পরিবারকে। রাজবাড়ী শহরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ব্যস্ততম পান্না চত্বর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘বার্তা ২৪’-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে এক জরুরি কাজে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে এসেছিলেন তিনি। সেখানে মেয়ে ও জামাতাকে বসিয়ে রেখে সকালের নাস্তা করার উদ্দেশ্যে রিকশাযোগে রেলগেট সংলগ্ন সালমা হোটেলের দিকে যাচ্ছিলেন। কিন্তু পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় অসাবধানতাবশত তার গায়ের ওড়নাটি চলন্ত রিকশার চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই ওড়নার টানে গলায় ফাঁস লেগে রিকশা থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় প্রচণ্ড চাপ লাগায় (ফাঁস লেগে) এই দুর্ঘটনাটি ঘটেছে।


বিজ্ঞাপন


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এক জনমদুখী মায়ের এমন আকস্মিক বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয় সাংবাদিকরা সাংবাদিক সোহেল মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর