সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বানিয়াচংয়ে তলিয়ে গেছে ২২০০ বিঘা জমির ধান, ঝুঁকিতে আরও ৭ হাজার বিঘা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

বানিয়াচংয়ে তলিয়ে গেছে ২২০০ বিঘা জমির ধান, ঝুঁকিতে আরও ৭ হাজার বিঘা
বানিয়াচংয়ে তলিয়ে গেছে ২২০০ বিঘা জমির ধান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নদীর পানি ঢুকে প্রায় ২ হাজার ২০০ বিঘা বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত উপজেলার সুজাতপুর ইউনিয়নের রত্না নদীর পানি উগলী হাওরে ঢুকলে এসব জমি তলিয়ে যায়। একইভাবে বাতাসর ও বালি হাওরেও পানি ঢুকেছে। সেখানে আরও প্রায় ৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা হয়েছে।


বিজ্ঞাপন


সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলী, বাতাসর ও বালি হাওরে পানি ঢুকছে। উগলী হাওরে কয়েকশ কৃষকের ২ হাজার ২০০ বিঘা জমির ধান এরই মধ্যে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে বাতাসর ও বালি হাওরের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

উগলী হাওরের ক্ষতিগ্রস্ত ২ হাজার ২০০ বিঘা জমির মধ্যে বর্গা চাষি সিজিল মিয়ার ৩০ বিঘা, উজ্জ্বল মিয়ার ৩৫ বিঘা, সাজিদ মিয়ার ১০ বিঘা, আকল মিয়ার ১২০ বিঘা, আদম আলীর ১০ বিঘা ও আউয়াল মিয়ার ৫ বিঘা জমি রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ধানের শীষ বের হওয়ার এ পর্যায়ে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার আর কোনো সম্ভাবনা নেই। এতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, ধান তলিয়ে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর