সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ এএম

শেয়ার করুন:

‘ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর চটলেন এসিল্যান্ড
কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে অপ্রীতিকর ব্যবহার করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে গণমাধ্যমকর্মী জুয়েল রানার সঙ্গে তিনি অপ্রীতিকর ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিল কর্তৃপক্ষ। দুপুরের দিকে ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন উপজেলা ভূমি কর্মকর্তা আরিফুল ইসলাম। এ সময় গণমাধ্যমকর্মী জুয়েল রানা, ফিলিং স্টেশনে, কী পরিমাণ তেল গ্রাহকদের দেওয়া হচ্ছে জানার জন্য ‘ভাই’ সম্বোধন করে কথা বলার শুরুতেই তিনি এ প্রতিক্রিয়া দেখান।

এ বিষয়ে জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, আমি সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে গেলে এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করি। তখন তিনি বলেন, কেন আমাকে ভাই বললেন? এতে সাধারণ মানুষ ভাবতে পারে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে।

তিনি আরও বলেন, তাকে ‘স্যার’ না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে ‘স্যার’ বলতে হবে এমন নিয়ম আমার জানা নেই।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের ফোনে একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর