সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁদপুরে হামের প্রাদুর্ভাব: শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪০ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে হামের প্রাদুর্ভাব: শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হামের টিকা দেয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন।


বিজ্ঞাপন


সিভিল সার্জন কার্যালয় জানায়, হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা এই কর্মসূচির আওতায় রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের লক্ষ্য, চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৮৭৪ শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা।

ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ইতোমধ্যে সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। অভিভাবকদের সচেতন করার জন্য কাজ অব্যাহত রয়েছে। শিশুরা যাতে দ্রুত টিকা পায়, সেজন্য প্রত্যেক গ্রাম ও মহল্লার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ২২ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় হামে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন—চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের মনির হোসেন মুন্নার ৯ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ, বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী ঢালী বাড়ির নাজমুল হাসানের ৮ মাস বয়সী মেয়ে তাইয়েবা ইসলাম নুর, এবং শহরের মাদ্রাসা রোডের ইসহাকের ৯ মাস বয়সী মেয়ে রুকাইয়া।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর