শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে বান্নীর মেলায় উপস্থিতি কম, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে বান্নীর মেলায় উপস্থিতি কম, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পিরের পুণ্যভূমিতে বসেছে বান্নীর মেলা। গেল বছরগুলোতে এ মেলাকে ঘিরে হাজারো মানুষের ঢল নামলেও এ বছরে দর্শনার্থীদের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কমেছে বেচা-বিক্রি। আবার অভিযোগ উঠেছে অতিরিক্ত টোল আদায়ের।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী ৪১ পিরের পুণ্যভূমি পীরেরহাট ময়দানে বসেছে এই বান্নীর মেলা।


বিজ্ঞাপন


প্রতি বছরের ন্যায় জন্ম অষ্টমী তিথির পরের শনিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে মোতাবেক শনিবার এ মেলা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বাসস্ট্যান্ড হতে আধা কিলোমিটার পূর্ব দিকে বসেছে এ মেলা। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী নারীদের মেলা শেষ হয়ে শনিবার শুরু হয়েছে পুরুষদের মেলা। এ মেলায় বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। মনোহারী, মিষ্টি, দই, খই, হুড়ুম-বাতাসার দোকানসহ, ডালা, কুলা, বেত শিল্পের তৈরি বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যের জিনিসপত্র, রসুন, কাঠের আসবাবপত্র, পুতুল নাচ, নাগরদোলা এবং কামারের হাতের তৈরি জিনিস ইতোমধ্যেই বসে গেছে মেলা প্রাঙ্গণে। তবে লাভের আশায় দোকানগুলো বসলেও এ বছর দর্শনার্থীদের উপস্থিতি কম রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

নাটোরে চেয়ারম্যানের বিরুদ্ধে ২৪৭ উপকারভোগী নারীর চাল আত্মসাতের অভিযোগ

এদিকে, বিভিন্ন শ্রেণির মানুষ যুগ যুগ ধরে তাদের মনোবাসনা পূরণের আশায় এখানকার একটি পুকুরের পানি পান করে আসছেন। কেউ কেউ বোতলে করে সংগ্রহ করছেন এই পুকুরের পানি।


বিজ্ঞাপন


এবার সরকারিভাবে মেলাটির ইজারা নিয়েছেন মাসুদ রানা প্রামাণিক নামের স্থানীয় এক বিএনপি নেতা। তবে তার সঙ্গে জামায়াতের নেতাও শেয়ার পার্টনার আছেন বলেও জানা গেছে।

এ মেলার কসমেটিক দোকানি আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, গত বছর ৫০০ টাকা ইজারা দিয়ে আশানুরূপ বিক্রি করে লাভবান হয়েছি। আর এ বছর মেলায় লোকজনের উপস্থিতি কম থাকায় বিক্রিও কমেছে। সেইসঙ্গে জোরপূর্বক ১ হাজার ৪০০ টাকা ইজারা নিয়েছে মেলা কর্তৃপক্ষ। এতে অনেকটা লোকসানের হিসাব গুণতে হবে।

মেলা ইজারাদার মাসুদ রানা প্রমাণিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন বলেন, এ বছর মেলাটি ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় ডাক হয়েছে। ঐতিহ্যবাহী এ মেলাটি সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর