শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

সুনামগঞ্জ সদর উপজেলায় হাওরের ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ডাকুয়া হাওর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। 


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাওরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের ক্ষতি এড়াতে মোহনপুর গ্রামের কৃষকরা বাঁধ কাটতে গেলে পাশের নোয়াগাঁও গ্রামের কৃষকরা তাতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই ইউনিয়নের চারটি গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর