নাটোরের লালপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন হোসেন (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলার গৌরীপুর এলাকায় ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থী ইয়ামিন একই এলাকার মো. শুকুর আলীর ছেলে। সে স্থানীয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুরে টিফিন বিরতিতে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিক্ষার্থী ইয়ামিন হোসেন। ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এসময় স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ট্রাকসহ তাকে আটক করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ঘাতক চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

