শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, ভাই ও খালাসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশু আল আমিন উপজেলার সোনাহার মল্লিকাদহ নুরুর বাজার সিকদার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় এক মাদরাসার ছাত্র ছিল।

আহতরা হলেন— আল আমিনের মা আসমা খাতুন (৩৬), ছোট ভাই আরাফাত (৫), খালা সাজেদা বেগম (৩৭), খালাতো ভাই সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন তার মা, ভাই ও খালার সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সাতজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


দেবীগঞ্জ থানার ওসি সেলিম জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর