শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল—৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল—৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতোমধ্যেই টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যারা মাদকে গ্রেফতার হবে, তাদের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। টাঙ্গাইলকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। খেলাধুলা করলে মনও ভালো থাকে।

তিনি আরও বলেন, যুব সমাজ ইদানিং বিভিন্ন অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজকে অন্যায়ের বাইরে রাখার জন্য কাজ করতে হবে। যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তারা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ পিছিয়ে যাবে। কিন্তু যুবসমাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশ অনেক এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম, এই টাঙ্গাইলে মাদক থাকবে না, আমরা মাদক নির্মূল করব ইনশাল্লাহ। কিশোরগ্যাং মুক্ত সমাজ গড়া হবে। কোমলমতি কিশোররা আগামীতে সুন্দর জীবন গঠন করবে। বাবা-মা তাদের সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন; সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায়, তার চেয়ে দুঃখের কিছু নেই। কাজেই যারা মাদকের সঙ্গে যুক্ত, তারা দয়া করে সরে দাঁড়ান।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর