চট্টগ্রামের মিরসরাইয়ে ২৫০ লিটার ডিজেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট রাস্তার মাথায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসয়ীর নাম মোহাম্মদ শাহ জালাল। অভিযানে সহযোগিতা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
বিজ্ঞাপন
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট রাস্তার মাথায় মোহাম্মদ শাহ জালাল দোকানের ভিতরে ২ টি ড্রাম এবং কিছু খুচরা বোতলে প্রায় ২৫০ লিটার ডিজেল মজুত করায় এবং বিক্রর করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪৫ ধারায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, মজুতকৃত ডিজেল অতিরিক্ত দামে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের স্কেভেটর, ট্রাক, জেনারেটরসহ বিভিন্ন গাড়ির নিকট বিক্রি করছে বলে স্বীকার করেছেন মোহাম্মদ শাহ জালাল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এমএইচআর

