নাটোরের বাগাতিপাড়ায় গাওঁপাড়া দিলে আগুন পুড়ল ১৫ বিঘা জমির পাকা গম। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া বিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাঘা উপজেলার ঝিনা গ্রামের কৃষক রহম আলী তার জমিতে গম কাটার পর অবশিষ্ট খড় পোড়াতে আগুন দেন। কিন্তু প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় দুই সীমান্তবর্তী উপজেলার বাগাতিপাড়ার গাঁওপাড়া বিলে মুহূর্তে আশপাশের গমের জমিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে নিয়ন্ত্রণের চেষ্টা করেও সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই ক্ষেতের পাকা গম পুড়ে কয়লায় পরিণত হয়। প্রায় ১৪-১৫ বিঘার ক্ষেতের পাকা গম পুড়ে যায়।
উপজেলার গাঁওপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মশিউর রহমান বাবু (৪৮) জানান, তার আড়াই বিঘা জমির পুরো গম পুড়ে গেছে। স্থানীয়রা রহম আলীকে বাতাস ও রোদ বেশি থাকায় খড় পোড়াতে নিষেধ করলেও তিনি তা অমান্য করেন। এর ফলে ভয়াবহ এই ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জালাল আলীর ৩ বিঘা, আজগর আলীর আড়াই বিঘা, শাহবাজ আলীর দেড় বিঘা, মনসুর আলীর ১০ কাঠাসহ আরও অনেক কৃষকের পাকা গম পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৪ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার আরেক কৃষক শাহবাজ আলী (৫০) বলেন, তার দেড় বিঘা জমিতে গম চাষ করেছিলেন। আগুনে তার পুরো ফসল পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু তিনি নন, একই ঘটনায় বিলের আরও অনেক কৃষকের মৌসুমি গম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
বিজ্ঞাপন
উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে তাদেরকে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর আলম বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
প্রতিনিধি/ এজে

