পঞ্চগড়ে অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগে একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্ত মোটরসাইকেল চালক পালিয়ে যায়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে একটি চক্র অসাধু উপায়ে নিয়মিত পেট্রোল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। মোটরসাইকেলের পেছনে কোম্পানির গাড়ির আদলে বিশেষ বক্স তৈরি করে তেল পরিবহন করা হচ্ছিল, যাতে বিষয়টি সহজে বোঝা না যায়। পরে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে এক স্থানীয় ব্যক্তি নজরদারি শুরু করেন। আজ শুক্রবার দুপুরে একই ধরনের একটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে যাওয়ার সময় তিনি ধাওয়া করলে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়। তবে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের পেছনের বিশেষ বক্স খুলে তিনটি জারকিনে রাখা প্রায় ৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে মোটরসাইকেলসহ তেল জব্দ করে। জব্দকৃত পেট্রোল পরে শহরের একটি ফিলিং স্টেশনে নিয়ে সরকারি মূল্যে বৈধ গ্রাহকদের মধ্যে বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন। মোটরসাইকেল ও তেল জব্দ করে আমরা পাম্পে যাচ্ছি। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে তেল বিতরণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন তেলটি বোদা উপজেলার সুবহানাকা পাম্প থেকে এসেছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে

