চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাকিবুল ইসলাম নামে এক যাত্রীর লাগেজ থেকে ৩১৫ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রাকিবুল ইসলামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়।
শুক্রবার (৩ এপৃল) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘নো কার্ড, নো ফুয়েল’ কার্যক্রমে ভোগান্তি, মানছে না নির্দেশনা
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে শারজাহ ছেড়ে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটটি (জি-৯৫২০) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে বন্দরের এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা যৌথভাবে তল্লাশি চালানোর সময় ফ্লাইটটির যাত্রী রাকিবুল ইসলামের লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা ৩১৫ কার্টন সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। সিগারেট চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
এআরএম

