যুবদল নেতা ইমরান হত্যাসহ একাধিক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলাল শেখ (৪৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
বিজ্ঞাপন
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শহরের ফতেহ আলী বাজার থেকে আলার শেখকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে পিটিয়ে দুইপা ও একটি হাত ভেঙে দেওয়া হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আলাল শেখ বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার সিদ্দুকুর রহমান মেরুর ছেল। এছাড়াও তিনি কারাবন্দী সাবেক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিন শেখের শ্যালক।
পুলিশ জানায়, আলাল শেখের নামে যুবদল নেতা ইমরান হত্যা মামলা ছাড়াও মাদক ও চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ আলাল শেখকে তিন বার গ্রেফতার করেছিল। তিনবারই তিনি জামিনে মুক্ত হন।
বিজ্ঞাপন
আলাল শেখ পেশায় মাংস বিক্রেতা। তিনি বগুড়া ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। গত ২৮ মার্চ সেখানে ভোট গ্রহন চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত আলাল শেখকে বাজার থেকে তুলে নিয়ে যায়। পরে মালগ্রাম এলাকায় একটি বাগানে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেয়।
পুলিশ জানায়, আলাল শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী। আওয়ামী লীগ সরকারের সময় তার ভগ্নিপতি মতিন শেখের দাপটে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ট ছিলেন। অনেকের বাড়িঘর দখল করে এলাকা ছাড়া করায় তার ওপর ক্ষোভ ছিল অনেকের। ২০১৩ সালের ২ ডিসেম্বর দুপুরে শহরের চকসুত্রাপুর এলাকায় আলাল শেখের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী জেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক ইমরান শেখকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে। পরে ইমরান শেখের পরিবারকে এলাকা ছাড়া করা হয়।
এছাড়াও যুবদলের বেশ কয়েকজন নেতাকে এলাকা ছাড়া করা হয়।
গত ২৮ মার্চ আলাল শেখকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তার বাবা সিদ্দিকুর রহমান বগুড়া সদর থানায় ২৮ জনের নামে থানায় মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব হোসাইন বলেন, আলাল শেখকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনার দিন পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিহত আলাল শেখের লাশ ঢাকা থেকে বগুড়ায় আনার পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস
