বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

জ্বালানি তেলের দাম আগামী ৩ মাসেও বাড়বে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম আগামী ৩ মাসেও বাড়বে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকারে আসার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি, আগামী তিন মাসও তা বৃদ্ধি করা হবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সংকট শুধু আমাদের দেশে নয়, এটি বিশ্বব্যাপী, কিন্তু সরকার জনবান্ধব নীতিতে কাজ করছে। তাই এই পর্যন্ত মূল্যবৃদ্ধি করা হয়নি, সরকার ভর্তুকি দিয়ে তা স্থিতিশীল রাখছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে, পাইপ লাইনে প্রচুর তেল আসছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করতে যাতে মজুতদারি করা না হয়।

জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ভর্তুকি দিয়েই জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা হবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, বিগত সরকারের সময়ে খাল খননের নামে শুধু ঘাস কাটছাঁট করা হতো। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিতে বরাদ্দকৃত টাকা দুর্নীতি বা অনিয়মে ব্যবহার হতে দেওয়া হবে না। তিনি জানান, শুধু খাল খনন নয়, পাড়ে বৃক্ষরোপণ ও পানিতে মাছ ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে। এতে কৃষকের পানির চাহিদা পূরণ হবে এবং শহীদ রাষ্ট্রপতির স্বপ্ন বাস্তবায়িত হবে।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর