বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার
পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা একটি প্রাচীন কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। অভিযানে সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে মূর্তিটি উদ্ধার করে র‌্যাব।


বিজ্ঞাপন


নীলফামারী র‌্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার মো. রোকন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় সুজন মহন্ত ভারত পাচারের উদ্দেশ্যে প্রাচীন বিষ্ণু মূর্তি নিয়ে যাচ্ছিলেন। অভিযানে তার হেফাজত থেকে একটি ৩১ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ ও প্রায় ২৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করা হয়। মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মূর্তিটি দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকার ভেকুচালক সুরুজ আলীর ছেলে চান মিয়া (৩৬) মাটির নিচ থেকে উদ্ধার করেছিলেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকা চান মিয়া মূর্তিটি বিক্রির জন্য সুজন মহন্তকে দায়িত্ব দেন। র‌্যাবের নজরদারিতে অভিযান চালিয়ে সুজন মহন্তকে মূর্তিসহ গ্রেফতার করা হয়।

উদ্ধার করা মূর্তিটি পরে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃক যাচাই করা হয়েছে। র‌্যাব সুজন মহন্তের দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর