বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে তেল লুটপাটের মহোৎসব

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:১৭ এএম

শেয়ার করুন:

Oil
মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর তেল লুটপাটে ছুটে আসে শত শত স্থানীয় জনতা। ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর সেটির ওয়াগন থেকে জ্বালানি তেল লুটপাট শুরু করে শত শত স্থানীয় জনতা, যা দীর্ঘ সময় ধরে চলে। পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী মিলেও নিবৃত্ত করতে পারেনি লুটপাটকারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের গামলা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ট্রেনের উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়া তেল সংগ্রহ করে বাড়ি নিতে শুরু করেন তারা।


বিজ্ঞাপন


শুধু তাই নয়, ওয়াগন থেকেও তেল লুট করা হয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান। কে আগে তেল নেবেন, তা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ বারবার চেষ্টা করেও তাদের নিবৃত্ত করতে পারেনি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ট্রেনের বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে মানুষের এই ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছে। বর্তমানে ঘটনাস্থলে জনতার ভিড় কমেছে বলে তিনি জানান।

Habigonj_20260401_223643568

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে রাজাপুর এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে তেলের ওয়াগনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। 


বিজ্ঞাপন


তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর