বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে অবৈধ যানবাহন বিরোধী অভিযানে ৪৮ ঘণ্টায় ৮৮ মামলা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

রংপুরে অবৈধ যানবাহন বিরোধী অভিযানে ৪৮ ঘণ্টায় ৮৮ মামলা

জ্বালানি সংকট মোকাবিলা, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গত ৪৮ ঘণ্টায় নগরীর ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৮৮টি মামলা দায়ের এবং ৫০টি যানবাহন আটক করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, মাহিগঞ্জ সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর ও মডার্ন মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও কারসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো চালককে জ্বালানি তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্প মালিক সমিতিকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন,  নগরীর নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং মাদকসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ কমিশনার এ সময় জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর