বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় ৪ শিশু আক্রান্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় ৪ শিশু আক্রান্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ

ঠাকুরগাঁওয়ে হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয়েছে চার শিশু। এর মধ্যে দুইজন হাম এবং দুইজন রুবেলায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সাম্প্রতিক এই সংক্রমণের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, পাশাপাশি স্বাস্থ্য বিভাগও নিয়েছে বাড়তি সতর্কতা।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, হামে আক্রান্ত শিশুদের মধ্যে জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, রুবেলা তুলনামূলকভাবে কম গুরুতর হলেও শিশু ও বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নির্ধারিত সময়ে টিকাদান সম্পন্ন না হওয়া বা টিকাদানে অনীহার কারণে এ ধরনের সংক্রমণ বাড়তে পারে। তাই শিশুদের এমআর (Measles-Rubella) টিকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল জানান, হাম মোকাবেলায় হাসপাতালে চার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে দুইজন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়ে সুস্থতার পথে রয়েছে এবং বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন।


বিজ্ঞাপন


অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, আক্রান্ত শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। ২০১৮ সালের পর বড় পরিসরে টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় এ ধরনের সংক্রমণ দেখা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন। হাম সন্দেহে ৬ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে তার মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। পাশাপাশি রুবেলায় আরও দুইজন আক্রান্ত শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে বিস্তার না ঘটে। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর