বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীমান্তবর্তী গ্রামে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

সীমান্তবর্তী গ্রামে মজুত করা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা পাঁচ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ায় ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে। এ সময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার গোডাউন থেকে ড্রাম ভর্তি ২৫ ব‍্যারেল অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনও প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, কর্তৃপক্ষ মজুত করা তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর