বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

অতিরিক্ত পুলিশ সুপারের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

অতিরিক্ত পুলিশ সুপারের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩
অতিরিক্ত পুলিশ সুপারের নামে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৩

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— মো. সোহান (২৫), শামীম ফকির (৩৫) ও শুভ (২৭)। গ্রেফতার সোহান নরসিংদী পৌর শহরের চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে, শামিম ফকির একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে এবং শুভ কাঞ্চন মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ও ডিবির অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬) একটি রামদাসহ গ্রেফতার করা হয়। পরদিন বিকেলে ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে মনিরুজ্জামানের পরিবারের কাছে টাকা দাবি করেন। তাদের মাধ্যমে ১০ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপারকে দিলে আসামিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। সরল বিশ্বাসে আসামির পরিবার তাদের হাতে ওই টাকা দেন। পরবর্তীতে আসামিকে আদালতে চালান দিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছেন। তাদের সঙ্গে ওই কর্মকর্তার কোনো পরিচয় নেই।

ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে।


বিজ্ঞাপন


নরসিংদী সদর থানার ওসি মো. আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে। আদালতের মাধ্যমে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর