বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া ও আউলিয়াপুর সংলগ্ন রেইন্ট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সাতজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হেমায়েত মাঝি (৪৫) নামে একজন মারা যান। নিহত হেমায়েত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের মৃত রুস্তুম রেজার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, শ্রাবণী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। রেইন্টি তলা এলাকায় পৌঁছালে বাসটি বেপরোয়া গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই সড়কের পাশের জমিতে ছিটকে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার পর বাসের নিচে একটি মোটরসাইকেল পিষ্ট হয়ে আটকে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় সড়কের পাশের দুটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহতদের মধ্যে ইজিবাইক ও মোটরসাইকেলের আরোহীদের অবস্থা আশঙ্কাজনক।
নয়ন শিকদার নামে এক বাসযাত্রী জানান, এ ঘটনায় তিনিও আহত হয়েছেন। বাসটি এনা পরিবহনে যাত্রীকে তুলে দেওয়ার জন্য দ্রুতগতিতে চালাতে গিয়ে এনা পরিবহন ক্রস করার সময় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহেল জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর মধ্যে একজন মারা গেছেন।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. সুরিঞ্জিত জানান, আহতদের মধ্যে হেমায়েত মাঝি নামে এক যাত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় রাকিব হাওলাদার নামের এক উদ্ধারকারী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
ক.ম/

