মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

রংপুরে বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রংপুরেও সড়কে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে তেল পেট্রোল পাম্প মালিকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন।  

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন কর্তৃক প্রচারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।

আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে শুধু নিজ নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, মোটরযান চালনার হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, হালনাগাদ ফিটনেস সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), হালনাগাদ রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে) এ জাতীয় মোটরসাইকেলসহ যে কোনো ধরনের মোটরযানে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহে শৃঙ্খলা ফেরানোসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। রংপুরের বেশির ভাগ ফিলিং স্টেশনে পুলিশি নিরাপত্তার পাশাপাশি নিয়োগকৃত ট্যাগ অফিসার রয়েছে। এছাড়াও জেলার তিনটি জ্বালানি তেল ডিপোতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অন্যদিকে সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিশেষ করে অনিবন্ধিত মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। প্রতিদিনই জেলা ও মহানগর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছে ট্র্যাফিক পুলিশ। 


বিজ্ঞাপন


রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ শোভন বলেন, ডিপো থেকে পাম্প মালিকরা প্রয়োজনের তুলনায় কম তেল কম পাচ্ছি। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তেল বিক্রিতে হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার প্রস্তাবনা এসেছে। জেলা প্রশাসন আমাদের এ বিষয়ে চিঠি দিয়েছে। আমরা তেলের সংকট কমাতে আইন অনুযায়ী নির্দেশনা বাস্তবায়ন করতে চাই। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর