মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

তেল মজুত করে ৩০০ টাকা লিটার দরে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

তেল মজুত করে ৩০০ টাকা লিটার দরে বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

রাজশাহীর বাগমারা উপজেলায় অধিক মুনাফার আশায় দোকানের পেছনে ড্রাম ও ব্যারেলে পেট্রল ও ডিজেল মজুত করার অপরাধে মুদিদোকানি আবদুস সাত্তারকে (৪৫) জরিমানা করা হয়েছে। 

তিনি গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে এসব তেল বিক্রি করছিলেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) এক অভিযানে অবৈধভাবে মজুত করা ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত ব্যবসায়ী আবদুস সাত্তার ঝিকড়ার নামকান গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা করে আসছিলেন।

বাগমারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি ময়েজ উদ্দিন মার্কেটের একটি মুদিদোকানের পেছনে জারকিন ও ব্যারেলে জ্বালানি তেল মজুত করা হয়েছিল। সুযোগ বুঝে তিনি এসব তেল চড়া দামে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে দোকানের ভেতরে গোপন স্থানে রাখা ড্রাম ও ব্যারেল থেকে ৪০০ লিটার পেট্রল ও ২৫০ লিটার ডিজেল (মোট ৬৫০ লিটার) উদ্ধার করা হয়। এ সময় দোকানি আবদুস সাত্তারকে আটক করা হয়।


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুস সাত্তার স্বীকার করেন যে, অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে তিনি এসব তেল মজুত করেছিলেন। আজ বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর