মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমিনুল ইসলাম বাবু নামের এক সেনা সদস্যের ছুরিকাঘাতে ছাকিবুল হাসান সিজান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এরই প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৩১ মার্চ) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা দ্রুত অভিযুক্ত আমিনুল ইসলাম বাবুকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত আমিনুল ইসলাম বাবু পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের দীঘিনালা ইউনিটে স্কোর বেঙ্গল রেজিমেন্টে কর্মরত।

আরও পড়ুন

চাকসু সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলা, বিচার দাবিতে মানববন্ধন

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ চলায় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


বিজ্ঞাপন


খবর পেয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দ্রুত অভিযুক্ত সেনা সদস্যকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ২১ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সেনা সদস্য আমিনুল ইসলাম বাবুর ছুরিকাঘাতে ছাকিবুল হাসান সিজান নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তিনি রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর