চাঁদপুরের চরাঞ্চল থেকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসার পথে লঞ্চঘাটেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। প্রসবের পর নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চাঁদপুর লঞ্চঘাটের নৌ-থানা পুলিশ জানায়, লঞ্চে সন্তান প্রসবের খবর পেয়ে তারা দ্রুত প্রসূতিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহায়তায় এগিয়ে আসেন।
প্রসূতির স্বামী আল আমিন প্রধানিয়া জানান, তার শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চযোগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসার পথেই প্রসব বেদনা শুরু হয়। একপর্যায়ে লঞ্চটি ঘাটে পৌঁছালে সেখানেই সন্তান ভূমিষ্ঠ হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক সুস্থ থাকলেও তার মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
এদিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে লঞ্চ মালিকপক্ষ ওই দম্পতিকে তাৎক্ষণিকভাবে নগদ ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছে। পাশাপাশি ওই নবজাতকের জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত ভাড়া ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

