মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

বরিশালে বস্তিতে ভয়াবহ আগুন: ৫টি ঘর ভস্মীভূত, রক্ষা পেল দেড় শতাধিক বাড়ি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৫ এএম

শেয়ার করুন:

বরিশালে বস্তিতে ভয়াবহ আগুন: ৫টি ঘর ভস্মীভূত, রক্ষা পেল দেড় শতাধিক বাড়ি
বরিশালে বস্তিতে ভয়াবহ আগুন। ফাইল ছবি

বরিশাল বরিশাল নগরীর এলএইচডি ঘাট বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্দরোড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও আগুনে ৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৭ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বস্তির বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের জাপান বেপারি ও ইউনুস খানের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আরও ২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বিজ্ঞাপন


খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাত্র ১৪ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে ওই এলাকার অন্তত দেড় শতাধিক বসতবাড়ি ও দোকানঘর বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তিনি বলেন, “বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। রাতে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রতিনিধি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর