হবিগঞ্জের লাখাইয়ে মুদি দোকানের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার মুদি দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করেছিলেন একই গ্রামের রসম আলী। সোমবার দুপুরে দোকানদার জালাল মিয়া পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ব্যবসায়ী জালালের দাবি, তিনি রসম আলীর কাছে ১৮৫ টাকা পাবেন। অন্যদিকে ক্রেতা রসম আলীর দাবি, পাওনা মাত্র ৩০ টাকা।
মাত্র ১৫৫ টাকার ব্যবধান নিয়ে শুরু হওয়া এই বিতর্ক মুহূর্তেই দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ দুই ঘণ্টার এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/একেবি

