লক্ষ্মীপুরে মোটরসাইকেল আরোহীদের তেল দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েও নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই পাম্পে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়েছে জনতা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শতাধিক মোটরসাইকেল আরোহী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে খবর পেয়ে জেলা শহরের দক্ষিণ তেহমনী এলাকায় অবস্থিত জনতা ফিলিং স্টেশনে অভিযানে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। তবে পাম্প কর্তৃপক্ষকে না পেয়ে তারা ফিরে আসেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী মোটরসাইকেল আরোহীরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ দিন ধরে দক্ষিণ তেহমনী পেট্রোল পাম্পটি সম্পূর্ণভাবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রেখেছিল। হঠাৎ রোববার দিনের বেলা তারা তেল বিক্রি শুরু করে।
ওইদিন সন্ধ্যায় ও রাতে গ্রাহকরা তেলের জন্য এলে পাম্প ম্যানেজার মো. রাসেলসহ অন্য কর্মচারীরা ঘোষণা দেন যে, সোমবার (আজ) বেলা ১১টার দিকে তেল বিক্রি করা হবে। সেই অনুযায়ী সকাল ৯টা থেকে গ্রাহকরা পাম্পে অবস্থান নেন। কিন্তু বেলা ১০টার পরই অফিস কক্ষে তালা ঝুলিয়ে সবাই সটকে পড়েন।
মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও ম্যানেজার রাসেলের মোবাইলফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘খবর পেয়ে আমরা পেট্রোল পাম্পটি পরিদর্শন করেছি। তবে সেখানে পাম্প কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ঘটনাস্থলে ছিলেন। পাম্পের দায়িত্বশীল ব্যক্তিরা এলে আমাদের খবর দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

