মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

যশোরে ওষুধ ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

যশোরে ওষুধ ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে আবু সাঈদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সোমবার (৩০ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম এক রায়ে এই আদেশ প্রদান করেন।


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্ত আবু সাঈদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের ‘এআরএম ফার্মেসি’র মালিক এবং শহরের পুরাতন কসবা গাজীরঘাট এলাকার ইসাহাক ওরফে ইসাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আনিসুর রহমান।

২০১৯ সালের ১৭ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের সামনের এআরএম ফার্মেসিতে অভিযান চালায়। তল্লাশিকালে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রাখা ২৪ পিস প্যাথেডিন (চেতনানাশক ইনজেকশন) উদ্ধার করা হয়। এ ঘটনায় ফার্মেসি মালিক আবু সাঈদকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া।

তদন্ত শেষে আবু সাঈদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক বদরুল হাসান।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ বর্তমানে পলাতক রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর