সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি পরিবহনের সময় যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাকসহ ৭ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চারজন ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক চালকের নাম মো. রিপন শেখ (৩৮), তিনি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাভা এলাকায় একটি ট্রাক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাকটির কাগজপত্র যাচাই করতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন।

পরবর্তীতে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয় এবং চালককে আটক করা হয়। জব্দকৃত পেট্রোলের উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দকৃত ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে যে, ওই পেট্রোল তাদের ডিপো থেকে সরবরাহ করা হয়নি। এ কারণে পেট্রোলের দাবিদার ওই চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার বিকেলে জব্দকৃত পেট্রোলের দাবিদার হিসেবে যে চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়, তারা হলেন— মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর