মাগুরায় জ্বালানি তেলের অস্বাভাবিক সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিন থেকেই শহরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনকে।
জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকরা। অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। এতে দৈনন্দিন যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
বিজ্ঞাপন

মোটরসাইকেল চালক বাবলু বলেন, পাঁচটি ফিলিং স্টেশন ঘুরে একটিতে তেল পেয়েছি। আবার এখানে আছে শুধু অকটেন। এরমধ্যে আবার দীর্ঘ লাইন।
প্রাইভেট কার চালক আজমত বলেন, ঘণ্টার পর ঘণ্টার ঘুরে চাহিদা মতো তেল পাচ্ছি না। কবে এ সংকট কমবে বলতে পারছি না। ফিলিং স্টেশনে তেল না থাকলেও বিভিন্ন স্থানে খোলা জায়গায় বেশি মূল্যে তেল বিক্রি করছে। সেই বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।
বিজ্ঞাপন
মাগুরার বিশিষ্ট পেট্রোল পাম্প ব্যবসায়ী এমদাদুল হক বলেন, আমরা যেটুকু তেল পাচ্ছি সেটুকুই গ্রাহকদের দিয়ে দিচ্ছি। সংকট তো আছেই। গ্রাহক এটা বুঝে যদি ধৈর্য ধারণ করে তাহলে সবাই কম বেশি তেল পাবে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, জেলায় প্রতিটি পাম্পে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। কেউ মজুদ রেখে বিক্রি বন্ধ রাখলে বা অনিয়ম করলে তথ্য পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

