নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও সংঘর্ষের মধ্যে গণপিটুনিতে নিরব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা ৪ নম্বর ওয়ার্ডের গনি মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। এর জেরে রোববার সকাল ১০টার দিকে নিরব, রাশেদ ও সোহাগ নামে আরও দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এ সময় রুবেলকে উদ্ধার করতে গেলে নিরব ও তার সহযোগীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করতে এগিয়ে এসে নিরবকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় নিরবের সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুইজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডা থেকে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। আহত নিরবকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/টিবি

