ঈদের ছুটি শেষে আবারও কর্মমুখর হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। টানা ১০ দিনের ছুটি শেষে খুলেছে গাজীপুরের সব কারখানা।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে প্রতিটি কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে ২ হাজার ৭৫৩ কারখানায় ঈদের ছুটি হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। যেখানে কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। তাদের বেশিরভাগই ঈদে বাড়ি গিয়েছিলেন। অধিকাংশ কারখানা ১০ দিনের ছুটি ছিল। রোববার সকাল থেকে কারখানাগুলো পুরোদমে চালু হয়েছে। শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিন ধরেই বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে গাজীপুরে ফেরেন শ্রমিকরা। রোববার সকালে আনন্দমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কাজে ফিরে খুশি তারা। শ্রমবান্ধব কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতার স্বাভাবিক ধারাবাহিকতা দেখতে চান তারা।
বিজ্ঞাপন

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গতকাল গাজীপুর শিল্প এলাকায় ৩০ ভাগ কারখানা খোলা ছিল। রোববার শতভাগ কারখানা খুলেছে। কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস

