বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তার লাশ পাওয়া যায়।
বিজ্ঞাপন
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাঁচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেওয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিনের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা সোহেল জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি চাচাকে কারা যেন হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানের ক্ষেতের ভেতরে ফেলে রেখে চলে গেছে। সেচ ঘর ভেঙে গেছে। হয়তো রাতে কোনো ধস্তাধস্তি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রতিনিধি/টিবি

