রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
আজিজুল হক (৩৫)

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মুক্তাগাছা থানা-পুলিশ ৫৪ ধারায় আজিজুল হককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ঝনকা বাজার থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়।

আজিজুল হক জেলার মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা কে বা কারা এক নারীর অশ্লীল ছবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এডিট করে ‘অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা’ লিখে পোস্ট করেন। ওই ফেসবুক পেজ থেকে ছবিটি আজিজুল হক নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। ওই পেজ থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজিজুল হককে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত দেড়টায় উপজেলার ঝনকা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। 

আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, মুক্তাগাছা থানা-পুলিশ আজিজুল হক নামের একজনকে ৫৪ ধারায় আদালতে পাঠায়। পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল হক জামায়াত নেতা নন। তিনি জামায়াতের কর্মী। শুনেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমাদের নেতাকর্মীরা থানায় গিয়েছিল ঠিকই কিন্তু তাকে ছাড়াতে নয় বরং এ বিষয় সম্পর্কে জানতে।

 

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানোয় আজিজুল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রীকে নিয়ে, তাই মামলা করার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হয়। আলোচনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় মামলার আগেই আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর