রাজশাহীর তানোরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জবানবন্দি নিয়ে জামায়াতের কর্মীর নামে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীসহ এলাকার কয়েকশো নারী-পুরুষ।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গোল্লাপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, গত ঈদুল ফিতরের দিন মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। ওই দিন হাসান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী জালাল উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের নামে মামলা হয়।

মানববন্ধনে আয়োজকরা আরও বলেন, হাসান মানসিকভাবে বিকারগ্রস্ত। তার মানসিক চিকিৎসা চলছে। অথচ তার জবানবন্দি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। মানববন্ধন থেকে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তানোর থানা সভাপতি আফজাল হোসেন, সাহেব বাজার জিরো পয়েন্ট জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ইসাহাক আলীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এদিকে, মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে জানান, জালাল উদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। আটক হাসানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রতিনিধি/এসএস

