শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকার মূল্যমানের কষ্টিপাথরের মূর্তি ও বেলেপাথরের শিলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টায় দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


বিজিবি জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা চিরিরবন্দর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রানীরবন্দর ও ভূষিরবন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কষ্টিপাথরের উমা-মহেশ্বর ও বিষ্ণু দেবতার দুটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিগুলোর মোট ওজন ৩০ কেজি ৬০০ গ্রাম। এছাড়া একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বেলেপাথরের শিলা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)।

বিজিবি জানায়, উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।


বিজ্ঞাপন


উদ্ধার হওয়া মূর্তি ও শিলাগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর