সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পরিবেশ রক্ষায় পাটের গুরুত্ব অপরিসীম। পাট দিয়ে তৈরি রশি, ব্যাগসহ বিভিন্ন পণ্য পরিবেশবান্ধব হওয়ায় এগুলোর ব্যবহার বাড়ানো অত্যন্ত প্রয়োজন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘একসময় পাট ছিল আমাদের জাতীয় গৌরবের প্রতীক। সেই হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে আমরা আবারও পাটকে গুরুত্বের সাথে সামনে নিয়ে আসতে চাই।’
তিনি আরও জানান, কৃষকদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে সরকার শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন, যা তাদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে। পাশাপাশি এটি ফসলের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, কৃষি খাতকে এগিয়ে নিতে এবং ফলন বৃদ্ধি নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধি/একেবি

