শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমকে দোষারোপ করলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমকে দোষারোপ করলেন বিএনপির নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনি পূর্ববিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। এসব ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় এবং দৈনিক পত্রিকায় উদ্দেশ্য প্রনোদিতভাবে নাসিরনগর উপজেলা বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাসিরনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন।


বিজ্ঞাপন


বশির উদ্দিন বলেন, গত ২৪ মার্চ পত্রিকা এবং অন্যান্য প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নির্বাচনি বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। উপজেলার গোয়ালগনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রাম এবং দক্ষিণদিয়া গ্রামের মধ্যে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যে সংবাদ প্রকাশিত হয়েছে যা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রচারিত হয় যে, ইতালির কথা বলে ২৬ যুবককে পাঠানো হয় লিবিয়ায়। পরে দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয় ২৫টি পরিবার।

এঘটনাকে কেন্দ্র করে দালার চক্রের বিরুদ্ধে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। এখানে আরও উল্লেখ্য যে, উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়া গংয়ের বিরুদ্ধে মানব পাচার আইনে ২০২৪ সালে আদালতে মামলা হয়। আরমান মিয়া ও ফরহাদ মিয়া বর্তমানে জেল হাজতে আছেন। দালাল চক্রের প্রধান ফরহাদ মিয়া দেড় বছর আগে তাদেরকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় পাঠিয়ে মাফিয়া চক্রের হাতে তুলে দেন। তারই জের ধরে গত ১৭ মার্চ দালাল চক্রের হাতিয়ে নেওয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আবুল কাশেম এবং যুবলীগ নেতা রহিম মিয়া ওরফে রহিম তালুকদারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সর্বশেষ গত ২৪ মার্চ তারিখে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন।

তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উক্ত ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক আলী আজম চৌধুরি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।


বিজ্ঞাপন


উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা আবুল কাশেম ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেতা এ কে এম কামরুজ্জামানের পক্ষে নির্বাচন করেছেন। রহিম তালুকদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্য এম এ হান্নানের পক্ষে নির্বাচন করেছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর