কক্সবাজারে পৃথক দুই অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৫ জন মাদক পাচারকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামে পাচার করা হবে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকানো প্রায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় সাহাদাত হোসেন ওরফে সাকিব নামের এক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি মাদকের চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। পরে কোস্ট গার্ড ওই এলাকায় নজরদারি জোরদার করে।
শুক্রবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড সেটিকে আটক করে। ট্রলার তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ সময় ৪ জন পাচারকারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন— মো. ইয়াসিন (৩৫), মো. ইসমাইল (২২), গিয়াস উদ্দিন (৩২) ও জসিম উদ্দিন (৩৩)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে

