বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হারুন ব্যাপারীর বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার প্রবাসে থাকায় তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি (হারুন ব্যাপারীর বাড়ি) থাকতেন।
বিজ্ঞাপন
নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, গতকাল দুপুরে ছাহাদ ও ছাফিয়াকে খাইয়ে তাদের মা নিজে খেতে বসেন। ওই সময় শিশু দুটি বাড়ির আঙিনায় খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/একেবি

