খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নেতার নাম নীতিদত্ত চাকমা (৪০)। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সমন্বয়ক ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, সকালে উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় নীতিদত্ত চাকমাকে গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। তবে সংগঠনের নেতা–কর্মীদের কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। অন্যদিকে ইউপিডিএফ (প্রসীত) এ ঘটনার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
জানতে চাইলে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের অন্যতম মুখপাত্র অংগ্য মারমা বলেন, এটা তাদের (ইউপিডিএফ গণতান্ত্রিক) দলের অভ্যন্তরীণ কারণে হয়েছে। আমাদের সংগঠন কোনোভাবেই জড়িত নয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

