বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেল সরবরাহ স্বাভাবিক আছে। তবে আগে যে পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগত। এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারণে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে। যার ফলে একটি পেট্রোল পাম্প সারা দিনে যে তেল বিক্রি করত, এখন দুই তিন ঘণ্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের যে ধারণ ক্ষমতা আছে, সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা এ বিষয়ে মনিটরিং করছে। প্রধানমন্ত্রী নবায়ন যোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, তাই আমি এই সোলার পাওয়ার প্লান্ট দেখলাম।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জে অনেক জমি আছে, ভবিষ্যতে এখানে সোলার প্লান্ট করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

