শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে হাসপাতালের ভেতরেই এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


আহত ব্যক্তির নাম রাসেল বিশ্বাস (২৫)। তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও তার স্বজনরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচা পান্না বিশ্বাসের সঙ্গে রাসেলের পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের অনুসারীরা রাসেলকে মারধর করেন। পরে শুক্রবার সকালে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ উঠেছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পান্না বিশ্বাসের পক্ষের ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে। তারা শয্যাশায়ী রাসেলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ও চায়নিজ কুড়াল দিয়ে নির্বিচারে কুপিয়ে জখম করে।

রাসেলের ভাই রবিউল বিশ্বাস এই হামলার জন্য সরাসরি তার চাচা ও তার সহযোগীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে হাসপাতালে ঢুকে রাসেলকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।’


বিজ্ঞাপন


ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত পান্না বিশ্বাস পলাতক রয়েছেন। তার মোবাইলফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাসেল চিকিৎসা নিতে এলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত অতর্কিতে হাসপাতালে ঢুকে তার ওপর হামলা চালায়। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত মালো জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর